মালদা

অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার পর দেশে ফেরার পথে ধৃত বাংলাদেশী

অবৈধ ভাবে ভারতে প্রবেশ করার পর দেশে ফেরার পথে বিএসএফের হাতে ধরা পড়ল এক বাংলাদেশী নাগরিক। শুক্রবার ধৃত ওই বাংলাদেশী নাগরিককে মালদা জেলা আদালতে পেশ করে বৈষ্ণব নগর থানার পুলিশ। 

        বিএসএফ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে বিএসএফের ৩৬ নম্বর ব্যাটেলিয়নের জওয়ানরা দৌলতপুর বিওপি প্রহরা দিচ্ছিল। সেই সময় কুম্ভীরা এলাকা থেকে এক বাংলাদেশীকে আটক করে বিএসএফ। আটক ওই বাংলাদেশীকে বিএসএফ ক্যাম্পে নিয়ে আসা হয়। বিএসএফ সূত্রে জানা যায়, আটক ওই বাংলাদেশীর নাম কালু শেখ। বাবার নাম আবু বাক্কার সিদ্দিক। বাড়ি বাংলাদেশের চাপাই নবাবগঞ্জ জেলার ইসলামপুর এলাকায়। জানা যায়,  ওই বাংলাদেশী প্রায় দুই মাস আগে অবৈধ ভাবে সীমান্ত পারাপার করে ভারতে প্রবেশ করে। এরপর কোলকাতায় মিস্ত্রীর কাজ করে এদিন বাড়ি ফিরছিল সে। কিন্তু বাধ সাধে বিএসএফ। তাকে কাঁটা তারের বেড়া পেরনোর আগেই ধরে ফেলে। শুক্রবার আটক ওই বাংলাদেশীকে বৈষ্ণবনগর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পরে এদিনই ধৃতকে মালদা জেলা আদালতে পেশ করে পুলিশ বলে খবর।